শুভেন্দুকে আসন নিয়ে ভোটে লড়ার চ্যালেঞ্জ ছুঁড়ে হুঁশিয়ারি দিলেন কল্যাণ ।
- By Broacastindia
- 21st July, 2025 03:41 PM
সামনের বিধানসভা ভোট। হাতে গোনা আর কয়েকটা মাস। তারপরেই শুরু হয়ে যাবে নানান দলের ব্যস্ততা । এবার তার আগেই শুভেন্দুকে শ্রীরামপুরের যে কোনও কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ করে বসলেন তৃণমূল সংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় ।গত শনিবার শ্রীরামপুরের একটি সভা থেকেই শুভেন্দুকে আক্রমণ করে তৃণমূল সাংসদ বলেন, ''কোনও দিন এরকম রাজনীতিবিদ দেখিনি যিনি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, আবার মানুষের মধ্যে ভেদাভেদ করেন । কিন্তু বাংলায় এটা করতে পারবে না ।"

এর পরেই শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে কল্যাণ বলেন, ''সব জায়গায় বলে বেড়াচ্ছে আমি শ্রীরামপুরের অন্তর্গত কোন কোন বিধানসভায় হেরেছি ।আপনি কিছুই জানেন না । শ্রীরামপুরের সাতটা বিধানসভাতেই আমি জিতেছি । তোকে চ্যালেঞ্জ দিলাম শুভেন্দু অধিকারী, শ্রীরামপুরের কোন বিধানসভা থেকে দাঁড়াবি দাঁড়া, হারিয়ে ভূত করে দেবো । মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কী চ্যালেঞ্জ নিচ্ছিস । আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ কর ।হারিয়ে ভূত করে দেবো । পুরো প্যাক করে পাঠিয়ে দেবো ।"
উল্লেখ্য ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারান শুভেন্দু অধিকারী । তারপর থেকেই বিভিন্ন জায়গায় তিনি বলতে থাকেন ২০২৬ নির্বাচনে তিনি ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে হারাতে পারেন । তাই এবার তারই পাল্টা হুঁশিয়ারি দিয়ে তাকে হারাবার চ্যালেঞ্জ করে শুভেন্দুকে নিশানা করলেন তৃণমূল সাংসদ ।
