Broadcast India News.

Broadcast India News.

17th June, 2026

গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৫ সাংবাদিক

গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৫ সাংবাদিক

তাদের কাজ হচ্ছে দেশ-বিদেশে কোথায় কি হচ্ছে সকল সত্য জনতার সামনে তুলে ধরা। ঠিক তেমনি গাজায় যুদ্ধের ভয়াবহতা, ওখানকার বাসিন্দাদের দুর্দশার ছবি সবার সামনে তুলে ধরতে গিয়ে ইজরায়েলি হামলায় নিহত হলেন আল জাজি়রার কমপক্ষে ৫ জন সাংবাদিক।

সূত্রের খবর,গাজার আল শিফা হাসপাতালে হামলা চালায় ইজরায়েল। সেই সময় হাসপাতালের বাইরে সাংবাদিকদের তাঁবুতে ছিলেন আল জাজি়রার সাংবাদিক আনাস আল-শরিফ, মহম্মদ ওরেকেহ, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোয়ামেন আলিওয়া, মহম্মদ নৌফাল।ইজরায়েলের সেনা হামলায় ৫ সাংবাদিক সহ মোট ৭ জনের মৃত্যু হয়।

সূত্রের খবর , ইতিমধ্যে ইজরায়েলি সেনার তরফ থেকে হামলার দায় স্বীকার করে নিয়েছে । তারা জানিয়েছে আল জাজ়িরার সাংবাদিক আনাস আল-শরিফকেই নিশানা করে হামলা চালানো হয়েছিল। ইজরায়েলি সেনার তরফ থেকে ওই সাংবাদিককে হামাস জঙ্গি বলে দাগিয়ে দেওয়ার পাশাপাশি হামাসের জঙ্গি সেলে নেতৃত্ব দিতেন আনাস বলে জানিয়েছে।

২৮ বছর বয়সি এই ব্যক্তি গাজার অন্যতম বিশিষ্ট সাংবাদিক ছিলেন এবং তাঁর জীবন ঝুঁকির মধ্যে থাকা সত্ত্বেও তিনি জনতার সামনে সকল সত্য তুলে ধরার জন্য রিপোর্টিং চালিয়ে যান।

আল-শরিফ তাঁর মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দেন , আর তা হল “…আমি সত্যকে তা যেমন আছে তেমনভাবে প্রকাশ করতে কখনও দ্বিধা করিনি, বিকৃতি বা ভুল উপস্থাপনা ছাড়াই, এই আশায় যে ঈশ্বর তাঁদের সাক্ষী রাখবেন যাঁরা নীরব ছিলেন।”