Broadcast India News.

Broadcast India News.

3rd May, 2026

তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, টানা চলবে দুর্যোগ

তৈরি হচ্ছে  ঘূর্ণাবর্ত, টানা  চলবে দুর্যোগ

বর্ষা শুরু হতেই হয়ে চলেছে একের পর এক ঘূর্ণাবর্ত। হিমালয়ের পাদদেশ এলাকায় মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। উত্তর বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। অসমেও চালু হয়েছে ‘আপার এয়ার সার্কুলেশন’। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার মিশ্রণের ফলে ভারী ও দু-এক জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। বাড়বে নদীর জলস্তর। পার্বত্য এলাকায় নামতে পারে ধস।পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে । এমনকি বাংলাদেশের দক্ষিণ ভাগে আরো একটি ঘূর্ণবাত তৈরি হবে শুক্রবার ,এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ।

সূত্রের খবর আজ, বুধবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের ৮ জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আজ, বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতার পাশাপাশি কাল বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। তার ফলে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে।

কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে । কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।এমনকি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হালকা ঝোড়ো হওয়া বইতে পারে। কলকাতায় আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম।