‘৯ অগাস্ট নবান্ন অভিযানে কোন নিষেধাজ্ঞা নয়’! নির্দেশ হাইকোর্টের
- By Broadcast India
- 8th August, 2025 05:39 PM
দেখতে দেখতে এক বছর হয়ে গেল । আজও মেয়ের মৃত্যুর সঠিক জাস্টিস পেল না আরজি কর কাণ্ডে মৃতা চিকিত্সকের বাবা মা। তাই আগামীকাল ৯ অগাস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আরজি কর কাণ্ডে মৃতা চিকিত্সকের বাবা মা।
তবে নবান্ন অভিযানের আগেই বড় সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য নবান্ন অভিযানকে কেন্দ্র করে ব্যবসা ক্ষতির আশঙ্কায় আদালতে জনস্বার্থ মামলা করেন হাওড়ার এক ব্যবসায়ী।বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে হাওড়ার ওই ব্যবসায়ীর করা জনস্বার্থ মামলায় নিষেধাজ্ঞার আবেদন ফেরাল আদালত।

বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস এর ডিভিশন বেঞ্চে স্পষ্ট ভাবে জানিয়ে দিল ‘‘শান্তিপূর্ণ প্রতিবাদ মৌলিক অধিকার, একে পুরোপুরি নিষিদ্ধ করা যায় না। রাজ্য সরকার নির্দিষ্ট বিকল্প স্থানে শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দিতে পারে। হিংসা, সরকারি সম্পত্তি নষ্ট করা সম্পূর্ণরূপে বেআইনি। ভারতীয় সংবিধানের ধারা ৫১এ অনুযায়ী প্রত্যেক নাগরিকের কর্তব্য, তিনি যেন সরকারি সম্পত্তি রক্ষা করেন ও হিংসা বর্জন করেন।’’
এ প্রসঙ্গে মামলাকারী ব্যবসায়ীর আইনজীবী জানান, ‘‘আগামী ৯ অগস্ট নবান্ন অভিযান কর্মসূচি রয়েছে। অতীতে এই ধরনের কর্মসূচিতে ব্যাপক গণ্ডগোলের উদাহরণ রয়েছে। গত বছর এক পুলিশ কর্মী গুরুতর আহত হন। নবান্ন সংলগ্ন এলাকায় অনেক প্রতিষ্ঠান এবং দোকান রয়েছে। যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। কোনও ঘটনা ঘটলে তার দায় কর্মসূচির উদ্যোক্তরা নেবেন না। আমার মক্কেল হাওড়ার এক ব্যবসায়ী। এই সব কর্মসূচিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা উচিত।’’

৯ ই আগস্ট নবান্ন অভিযান প্রসঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, ‘‘অভিযান ঘিরে অদ্ভুত পরিস্থিতি। নির্দিষ্ট কোনও সংগঠন প্রকাশ্যে ওই কর্মসূচির দায় নিচ্ছে না। ছাত্র সমাজ নামে একটি সংগঠন ডাক দিয়েছিল কিন্তু পুলিশ তাদের খুঁজে পায়নি। আরজি করের নির্যাতিতার পরিবার কর্মসূচির ডাক দিয়েছে। তারা রাজনৈতিক দলের সমর্থন চেয়েছে। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতা বলেছেন তিনি সমর্থন করবেন। গত বার ৪৭ জন পুলিশ কর্মী আহত হন। এক জন পুলিশের চোখ নষ্ট হয়ে যায়। ওই কর্মসূচিকে কেন্দ্র করে ১৪০ জনের বেশি লোককে গ্রেফতার করা হয়। আমি বুঝতে পেরেছি, এই বছর তিন জন ব্যক্তি এই কর্মসূচির পিছনে রয়েছে। আমরা হিংসার পুনরাবৃত্তি চাই না। রাজ্য ইতিমধ্যে প্রতিবাদ কর্মসূচির জন্য একটি নির্দেশিকা তৈরি করেছে। যে কেউ যেখানে খুশি প্রতিবাদ কর্মসূচি করতে পারেন না।’’
প্রসঙ্গত, গত বছর ৯ অগাস্ট আরজি করে গণধর্ষণের শিকার হয়ে খুন হন ওই মহিলা চিকিত্সক। সেই ঘটনার এক বছর পূর্ণ হওয়ার দিনেই ফের নবান্ন অভিযানের ডাক দেন মৃতা চিকিত্সকের বাবা মা।
