বলিউড অভিনেত্রী হুমা কুরেশির ভাইকে এলোপাথাড়ি কোপ দুষ্কৃতীদের
- By Broadcast India
- 9th August, 2025 02:22 PM
বলিউড অভিনেত্রী হুমা কুরেশির ভাই আসিফ কুরেশিকে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা । পার্কিং নিয়ে বচসার জেরেই খুন করা হয় অভিনেত্রীর ভাইকে । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির নিজ়ামুদ্দিন এলাকায়। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি খুনে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করেছে বলেও জানা গিয়েছে।
সূত্রের খবর নিজ়ামুদ্দিন এলাকায় জঙ্গপুরা ভোগল লেনে আসিফের বাড়িতে ঢোকার মুখেই অভিযুক্ত দুই ব্যক্তি বাইক রাখে ।আসিফ সেটা সরিয়ে রাখতে বলেছিলেন। সেই বাইক রাখাকে কেন্দ্র করে আসিফ ও ওই দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর, ওই দুই ব্যক্তি আসিফকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। ওই সময় সেখান থেকে আসিফকে গুরুতর যখন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
সূত্রের খবর,পুলিস ইতিমধ্যে ইচ্ছাকৃত ভাবে খুনের মামলা দায়ের করে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে ।অভিযুক্ত দুইজনের নাম উজ্জ্বল ও গৌতম ।পুলিশ সমস্ত বিষয়টি তদন্ত করে দেখছে। আসিফের স্ত্রী সায়নাজ কুরেশি পুলিশকে জানিয়েছেন যে, অভিযুক্তরা এর আগেও পার্কিং নিয়ে ঝামেলা করেছিলেন। কিন্তু আজকের কথা কাটাকাটি ভয়ংকর আকার ধারণ করে ।
এই ভয়ংকর ঘটনার পরে হুমা কুরেশির বাবা সেলিম কুরেশি তাঁর ভাইপোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, ''দুইজন লোক আমাদের বাড়ির সামনে স্কুটার পার্ক করে। আসিফ তাদের বলেছিল যেন তারা গাড়িটা সরিয়ে নেয় এবং মূল গেট বন্ধ না করে। তারা দুইজন মিলে আমার ভাইপোকে খুন করেছে।'' তিনি ওই দুই ব্যক্তির কড়া শাস্তির দাবিও করেছেন।
