নিজের বাসভবনে আক্রান্ত হয়ে হাসপাতালে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা
- By Broacastindia
- 20th August, 2025 08:24 PM
বুধবার সকালে নিজের বাসভবনে আক্রান্ত হলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
সূত্রের খবর বুধবার সকালে নিজের বাসভবনে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার সময় হঠাৎই সেখানে থাকা এক ব্যক্তি তাঁর উপর হামলা চালান । মুখ্যমন্ত্রীকে চড় মারেন ওই ব্যক্তি।
সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে নিরাপত্তা রক্ষীরা ধরে ফেলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ঘটনার পর দিল্লির মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার জন্য নিজের বাসভবনে ‘জনশুনানি’ করেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেইমতো বুধবার সকালেও সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছিলেন তিনি । হামলাকারী ওই ব্যক্তি নিজের কথা জানানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে যান এবং হঠাৎই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে চড় মারেন। এমনকি চুল ধরে টানার অভিযোগ উঠেছে । সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা ধরে ফেলে । হামলাকারীর ব্যক্তির নাম রাজেশ ভাই খিমজি বলে জানা গিয়েছে।
এই ভয়াবহ ঘটনার পর বিজেপির বর্ষীয়ান নেতা হরিশ খুরানা বলেন, “ওই জনশুনানিতে হাজির এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর উপর হামলা চালায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। এই হামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা।”
এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ।এই হামলার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে বলে সন্দেহ করা হচ্ছে । এই হামলার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ বলে জানা গেছে সূত্রের তরফ থেকে ।
