‘বাঁচতে চাই, বিজেপি তাই!’ ২৬ এর বিধানসভা ভোটের নতুন স্লোগান বেঁধে দিলেন মোদি
- By Broadcast India
- 23rd August, 2025 03:31 PM
শুক্রবার দমদমে বিজেপি-র জনসভা থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি-র জন্য নতুন স্লোগানও তৈরি করে দিয়ে গেলেন নরেন্দ্র মোদি ।"বাঁচতে চাই, বিজেপি তাই "।বিধানসভা ভোটের আগে এই স্লোগানকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গতকাল দমদমের সভা থেকে মোদি বলেন, "বাংলায় সত্যিকারের পরিবর্তন প্রয়োজন। স্বাধীনতার পর প্রথমে কংগ্রেস তার পর বামেদের দীর্ঘ শাসন দেখেছেন। ১৫ বছর আগে আপনারা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনারা মা-মাটি-মানুষের উপরে ভরসা করেছিলেন । কিন্তু বর্তমান পরিস্থিতি আগের থেকেও খারাপ। নিয়োগ দুর্নীতিতে যুবসমাজের সর্বনাশ হয়েছে, মা-বোনেদের উপরে অত্যাচার বেড়ে গিয়েছে। অপরাধ এবং দুর্নীতি তৃণমূলের পরিচয় হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল ক্ষমতায় থাকলে বাংলার উন্নতি আটকে থাকবে । তৃণমূল ক্ষমতা থেকে সরলেই আসল পরিবর্তন হবে "।
তিনি আরো বলেন “বাংলার জন্য যে টাকা আমরা রাজ্য সরকারকে সরাসরি দিই তার বেশিরভাগ লুঠ করে নেওয়া হয়। যে অর্থ দিল্লি সরকার বিভিন্ন প্রকল্পের জন্য দেয় সেই টাকা আপনাদের জন্য খরচ হয় না, সেই টাকা মহিলাদের জীবন সহজ করার জন্য ব্যবহার হয় না, সেই টাকা তৃণমূলের নেতাদের ঘরে চলে যায়। সেই টাকা তৃণমূল ক্যাডারদের জন্য খরচ করা হয় ।এই কারণে গরিবদের কল্যাণমূলক প্রকল্পে বাংলা অন্যান্য রাজ্যের থেকে পিছিয়ে আছে। অসম, ত্রিপুরাতেও একই অবস্থা ছিল, কিন্তু দুই রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় প্রকল্পের সমস্ত সুবিধা ওই দুই রাজ্যের গরিবরা পাচ্ছেন ।”
