‘কলকাতা থেকে মমতার নির্দেশেই হয়েছিল বিশৃঙ্খলা ‘! দাবি কিরেণ রিজিজু
- By Broadcast India
- 25th August, 2025 02:44 PM
গত বুধবার সংসদে ১৩০ তম সংবিধান সংশোধনী বিল পেশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় তৃণমূলের তরফ থেকে শুরু হয়েছিল প্রতিবাদ । সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সাংবাদিক বৈঠক থেকে বলেছিলেন, ‘প্রতিবাদে সবার প্রথম এগিয়ে তৃণমূলই’।
এবার সেই প্রতিবাদকেই বিশৃঙ্খলা বলে বড় কথা বলে দিলেন কেন্দ্রীয় পরিষদীয় মন্ত্রী কিরেণ রিজিজু।
রিজিজু বলেন, “কথা হয়েছিল যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিল পেশ করবেন ওই সময় কেউ কিছু বলবেন না। সবাই বিল সম্পর্কে শুনবেন। তারপর নিজেদের মতামত রাখবেন। কিন্তু অধিবেশন যেই শুরু হল, তখনই তৃণমূলের সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কাগজ ছুড়তে শুরু করল। ওদের দেখে কংগ্রেস নেতা ভেনুগোপালও চিৎকার করতে শুরু করলেন, বিলের কাগজ ছিঁড়ে দিলেন।”
কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, এই ‘বিশৃঙ্খলা’ আসলে হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘নির্দেশেই’। “আমি কংগ্রেস সাংসদদের কোনও দোষ দেব না। নেত্রী যেমন, সাংসদরাও তেমন। কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন আর এখানে সাংসদরা বিক্ষোভ দেখাতে শুরু করে দিলেন। আমরা তো প্রধানমন্ত্রীর থেকে পরামর্শ নিয়ে সুষ্ঠ ভাবে সংসদ পরিচালনার জন্য রণনীতি নির্ধারণ করি। কিন্তু এদের তো ওরকম নয়। নেত্রীর থেকে একটা মেসেজ ঢোকে আর রণনীতি বদলে যায়।”
কেন্দ্রীয় পরিষদীয় মন্ত্রী কিরেণ রিজিজুর এই দাবি পুরোপুরি অস্বীকার করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,“প্রতিবাদ করার অধিকার আমাদের রয়েছে। করেছি, করব। কিন্তু কিরেণ রিজিজুর একজন মহিলাকে মারতে আসার অধিকার নেই। একজন পরিষদীয় মন্ত্রী একজন তফসিলি জাতির সাংসদকে মারতে আসছেন, এই নিদর্শন কোথাও নেই।”
