মহারাষ্ট্রে কুপিয়ে টুকরো টুকরো করে খুন বাংলার শ্রমিককে
- By Broacastindia
- 25th July, 2025 03:08 PM
বাংলা ভাষায় কথা বলার জন্য ইতিমধ্যে আটক করা হচ্ছে অনেক পরিযায়ী শ্রমিকদের। তাদের কাছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জেলে ভরে অত্যাচার চালিয়ে যাচ্ছে পুলিশ। এবার মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে খুন হলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার এক পরিযায়ী শ্রমিক। মৃতের নাম আবু বক্কর মণ্ডল।কয়েক বছর আগে তিনি মহারাষ্ট্রে গিয়ে রাজমিস্ত্রির কাজ করতেন।

সূত্রের খবর, নৃশংসভাবে তাঁকে কুপিয়ে টুকরো টুকরো করে খুন করে বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়া হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নেমে ডোবা থেকে তাঁর দেহ উদ্ধার করে। গতকাল রাতে মৃতদেহ বাড়িতে আনা হয়।
সূত্রের খবর ,গত রবিবার ২০ জুলাই সন্ধ্যার পর থেকে কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না আবু বক্কর মণ্ডলের।বারবার তার মোবাইলে ফোন করলেও সুইচ বন্ধ বলছিল। অনেক খোঁজাখুঁজির পর মহারাষ্ট্রের ভাসি থানায় অভিযোগ দায়ের করে তাঁর পরিবার। এরপর ভাসি থানার পুলিশ তদন্তে নেমে গত মঙ্গলবার সে যেখানে থাকত তার থেকে বেশ কিছুটা দূরে ডোবার ভেতরে বস্তাবন্দি অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে ।পুলিশ তার পরিবারকে সেই দেহ দেখালে তার পরিবার শনাক্ত করে। ময়নাতদন্তের পর মহারাষ্ট্র থেকে গতকাল রাতে দেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়েন তার মা-বাবা সহ আত্মীয় পরিজনরা।
তার পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে ।
উল্লেখ্য ,২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 'ভাষা আন্দোলন'এর ঘোষণা করেন। আগামী ২৮ জুলাই ভিন রাজ্যের বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী। আর তার আগেই ঘটে গেল এমন মর্মান্তিক ঘটনা।
