Broadcast India News.

Broadcast India News.

19th February, 2026

প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন

প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন

প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর।বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর জানান তাঁর ছেলে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সোশ্যাল মিডিয়ায় তাঁর বাবার মৃত্যু সংবাদ দিয়ে লিখেছেন, "প্রণম্য দিশোম গুরুজি আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন। আজ আমি শূন্য হয়ে গেলাম।"

সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যা ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। গত জুন মাসের শেষ সপ্তাহে তাঁকে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল । ভেন্টিলেশনে রাখার পর তাঁর শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও আজ সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেলেন রাজনীতিক শিবু সোরেন।

উল্লেখ্য ১১ জানুয়ারী ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন শিবু সোরেন। তিনি পূর্বে ঝাড়খণ্ডের তৃতীয় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, প্রথমে ২০০৫ সালে ১০ দিনের জন্য (২ মার্চ থেকে ১২ মার্চ), তারপর ২০০৮ থেকে ২০০৯ এবং আবার ২০০৯ থেকে ২০১০ পর্যন্ত। সোরেন ১৯৮০ থেকে ১৯৮৪, ১৯৮৯ থেকে ১৯৯৮ এবং ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত দুমকা থেকে লোকসভার সংসদ সদস্য ছিলেন । তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিনবার কয়লা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন: ২০০৪ সালে, ২০০৪ থেকে ২০০৫ এবং ২০০৬ সালে।