“জেলে গিয়েও পদ আঁকড়ে “,নতুন সংবিধান সংশোধনী বিল নিয়ে মুখ খুললেন প্রশান্ত কিশোর
- By Broadcast India
- 21st August, 2025 11:50 AM
গত বুধবারই লোকসভায় একটি বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাতে বলা হয়েছে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী যদি টানা ৩০ দিন জেল হেফাজতে থাকেন, তা হলে ৩১ দিনের মাথায় তাঁকে পদ ছাড়তে হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর এই বিল পেশ করার পর থেকেই উত্তাল জাতীয় রাজনীতি। বিলের বিরোধিতায় একজোট বিরোধীরা।
এবার এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পাশেই দাঁড়ালেন প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর।
অমিত শাহ এর পেশ করা বিলে সম্মতি জানিয়ে প্রশান্ত কিশোর বলেন , "নেতা-মন্ত্রীরা এতটাই দুর্নীতিগ্রস্ত ও অপরাধপ্রবণ হয়ে পড়বেন যে তাঁদের জেলে যেতে হবে এই কথা সংবিধান প্রণেতারা হয়তো কোনওদিন ভাবতেও পারেননি। তাছাড়া জেলে গিয়েও যে পদ আঁকড়ে কেউ বসে থাকতে পারে, সেটাও কল্পনার বাইরে ছিল।"
প্রশান্ত কিশোর স্পষ্ট বলে দেন, "আমার মতে, এই বিল ভালো। খুবই ভালো। কোনও নেতা যদি অভিযুক্ত হয়ে জেলে যায়, সেখান থেকে অন্তত সরকার চালাতে পারবে না।"
উল্লেখ্য গত বুধবার লোকসভায় যে বিল পেশ হয়েছিল, তাতে বলা হয়েছে গুরুতর অপরাধের যদি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী টানা ৩০ দিন জেল হেফাজতে থাকেন এবং তাঁর পাঁচ বছর বা তার বেশি যদি কারাদণ্ড হয়, তাহলে ৩১ দিনের মাথায় সেই অভিযুক্তকে পদ ছাড়তে হবে।
এই বিল পেশ হওয়ার পরেই এই বিলের বিরোধিতায় নেমেছেন তৃণমূল ,কংগ্রেস, আরজেডি-সহ বিরোধী দলের নেতারা।
