ভারতের নিজের স্পেস স্টেশন থাকবে! ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- By Broadcast India
- 23rd August, 2025 03:46 PM
আন্তর্জাতিক স্পেস স্টেশন অভিযানে গিয়েছিলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। কাজ সম্পন্ন করে মহাকাশচারী শুভাংশু শুক্লা ও তার পুরো টিম ফিরেও আসেন। তাঁর মহাকাশ অভিযানের সাফল্যের কথা উল্লেখ করেই ,আজ ২৩শে আগস্ট জাতীয় মহাকাশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন ভারত নিজের আন্তর্জাতিক স্পেস স্টেশন তৈরি করবে। যাতে ভবিষ্যতে দেশের যুব প্রজন্ম খুব সহজেই মহাকাশ অভিযানে অংশ নিতে পারে ।
ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার সাফল্যের কথা উল্লেখ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,“আজ ভারত দ্রুত অ্যাডভান্সড প্রযুক্তির দিকে এগোচ্ছে। সেমি-কাইরোজেনিক ইঞ্জিন, ইলেকট্রিক প্রপালশনের মতো অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করছে। শীঘ্রই আপনাদের সকল বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম সফল হয়ে ভারত গগনযান মিশনে যাবে। আগামিদিনে ভারত নিজস্ব স্পেস স্টেশন তৈরি করবে।”
প্রধানমন্ত্রী আরো বলেন, “তিন দিন আগে আমি গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে দেখা করেছি। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতের তিরঙ্গা উত্তোলন করে গোটা দেশবাসীর হৃদয় গর্বে ভরিয়ে দিয়েছে। যে মুহূর্তে ওঁ আমায় তিরঙ্গা দেখাচ্ছিল, সেই অনুভূতি বলে বোঝানোর নয়।”
তিনি বলেন, “গ্রুপ ক্যাপ্টেন শুভাংশুর সঙ্গে আলোচনায় আমি নতুন ভারতের যুব প্রজন্মের অগুনতি স্বপ্ন ও সাহস দেখেছি। এই স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে আমরা ভারতের মহাকাশচারীর পুল তৈরি করব। আজ স্পেস ডে-তে আমি যুব প্রজন্মকে এই পুলে সামিল হতে, ভারতের স্বপ্নকে ডানা দিতে আহ্বান জানাচ্ছি।”
উল্লেখ্য আজ থেকে ২ বছর আগে ঠিক আজকের দিনটিতে অর্থাৎ ২০২৩ সালের ২৩ অগস্ট দিনটিতে চন্দ্রযান-৩ মিশন সফল হয়। ওই দিনটি ছিল সকল ভারতীয়র কাছে খুব গর্বের দিন। ওই দিনটিকে চিরস্মরণীয় করে রাখতেই আজ ২৩ অগস্ট দিনটিকে ন্যাশনাল স্পেস ডে হিসাবে ঘোষণা করা হয়।
