‘জয় বাংলা’ বনাম ‘জয় শ্রী রাম’ -শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
- By Broadcast India
- 1st August, 2025 12:15 PM
বুধবার পুরশুড়ার কাদামাটি মাখা রাস্তায় এক তৃণমূল সমর্থক 'জয় বাংলা' বলার জন্য হঠাৎ গাড়ি থেকে নেমে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায় 'জয় শ্রীরাম' I এমনকি ওই তৃণমূল সমর্থকের সঙ্গে বচসাও হয় শুভেন্দু অধিকারী।শুধু তাই নয় নিরাপত্তারক্ষী দিয়ে সাধারণ ওই মানুষটিকে ভয় দেখানো হয়। সেই ইস্যুতে বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সংসদে মুলতুবি প্রস্তাব জমা দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
লোকসভায় জমা দেওয়া অভিযোগ পত্রে মহুয়া মৈত্র লেখেন “একটি ভিডিয়োয় দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক স্থানীয় বাসিন্দাকে জয় বাংলা স্লোগান তোলার জন্য রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন।”

তিনি আরো বলেন , “জয় বাংলা স্লোগান এ রাজ্যের সংস্কৃতি ও রাজনৈতিক পরিচয়ের সঙ্গে যুক্ত। আর বিরোধী দলনেতার এই আচরণ আসলে কণ্ঠরোধেরই একটা নজির। তার থেকেও আশঙ্কাজনক শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী বা কেন্দ্রীয় বাহিনীর সেই ব্যক্তির প্রতি আচরণ। তারা গাড়ি থেকে নেমে রীতিমতো ওই ব্যক্তিকে ভয় দেখানোর চেষ্টা করছেন।”
লোকসভায় শুধু শুভেন্দুকে কটাক্ষ করেছেন তা নয়। পাশাপাশি অমিত শাহের দিকে তোপ দেগে মহুয়া বলেন ,"এই কেন্দ্রীয় বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রকের আওতাধীন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেমন একদিকে মণিপুরের পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ। তেমনই দেশের সীমান্তকেও নিরাপদ রাখতে পারেননি। আর তারই মাঝে কেন্দ্রীয় বাহিনীর সাধারণের প্রতি এমন আচরণেও কোনও পদক্ষেপ দেখাননি। তাই ওনার এই পদ ছেড়ে দেওয়া উচিত।”
লোকসভা থেকে বেরিয়ে এসে মহুয়া মৈত্র সংবাদমাধ্যমকে বলেন, "পহেলগাঁওয়ে যখন সন্ত্রাস হানা হল, তখন এক ঘণ্টা অবধি কোনও নিরাপত্তারক্ষীকে দেখা গেল না। আর যখন গ্রাম বাংলায় বিরোধী দলনেতা একজন গরিব মানুষকে জয় বাংলা বলতে শোনেন তখন বলছেন, মেরে তার চামড়া গুটিয়ে নেবে, সেই সময় বাহিনী তাতে মদত দিচ্ছে। এটা কি স্বরাষ্ট্রমন্ত্রকের কাজ?"
