কেন্দ্র টাকা না দেওয়ায় কটাক্ষ কাকলি ঘোষ দোস্তিদার -এর! কড়া জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং
- By Broacastindia
- 30th July, 2025 05:41 PM
কেন্দ্র যে রাজ্য সরকারকে তার ন্যায্য টাকা দিচ্ছে না তা নিয়ে বরাবরই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই। এবার এই ইস্যুকে হাতিয়ার করে লোকসভার প্রশ্নোত্তর পর্বে পঞ্চায়েতি রাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিংকে প্রশ্ন করেন সাংসদ কাকলি ঘোষ দোস্তিদার।
সংসদে অধিবেশন চলাকালীন কাকলি ঘোষ দস্তিদারকে বলতে শোনা যায়, “কেন্দ্র থেকে ৬৪ বার পর্যবেক্ষককের দল গিয়েছে। সঠিক জবাব দেওয়া হয়েছে। তারপরও কেন প্রায় ৭ হাজার কোটি টাকা কেন্দ্র রাজ্যের সরকারকে দিচ্ছে না?”

কাকলি ঘোষ দস্তিদারের এই প্রশ্নের জবাব দেন পঞ্চায়েতি রাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং।তিনি বলেন , “এটা শিবরাজ সিং চৌহানের দেখার বিষয়। এই মন্ত্রকটা তিনিই সামলান। তবে বাংলা অন্য নিয়মে চলে। সেখানে অন্যের কোনও নিয়ম চলে না। তাই আগে দেশের নিয়ম চালু করুন তারপর বাংলাও পাবে বকেয়া টাকা। প্রধানমন্ত্রী মোদী বাংলাকে এই দেশেরই অংশ ভাবেন।”
অধিবেশন শেষে বারাসতের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার বলেন, “এটাই তো সাংসদদের সুযোগ যে কোনও দফতরের কথা তাঁরা তুলে ধরতে পারেন। বাংলার গরিব মানুষ এখনও একশো দিনের কাজের টাকা পাননি। টাকার অঙ্কটা প্রায় সাত হাজার কোটি। এই নিয়ে লাগাতার আন্দোলন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেই চলেছেন যাতে টাকা দেওয়া যায়। আমি আজ কেন্দ্রীয় মন্ত্রীকে বললাম যে সকল শর্ত আপনারা দিচ্ছেন টাকা পাওয়ার জন্য সেই সকল শর্ত পূরণের পরও কেন আপনারা বাংলার গরিব মানুষকে বঞ্চনা করছেন? অত্যন্ত অপমান করে বললেন, বাংলা নিয়ে এখানে আলোচনা করা যায় না। ওখানে অন্য আইন চলে, বাংলা কোনও নিয়ম নীতি মানে না। সেই আইনে টাকা দেওয়া যায় না।”
