ভুল বোঝাবুঝি নেই একসঙ্গে কাজ করার বার্তা দিল সাংসদ ও বিধায়ক
- By Broadcast India
- 4th August, 2025 09:24 PM
নিজেদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দূরে সরিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিলেন সংসদ ও বিধায়ক।
উল্লেখ্য রচনা ব্যানার্জীর সাংসদ তহবিলের টাকায় চুঁচুড়া বানী মন্দির স্কুলে স্মার্ট ক্লাস রুম তৈরি হচ্ছে। আর ওই স্মার্ট ক্লাস রুম নিয়েই হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে প্রকাশ্যে চলে আসে দ্বন্দ্ব ।
গত ৩১ জুলাই রচনা ব্যানার্জি ওই স্কুল পরিদর্শনে গেলে, স্কুলের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় সাংসদকে বিধায়কের খারাপ আচরণ নিয়ে অভিযোগ করেন। সমস্ত কথা শুনে রচনা বলেন, ''আমি স্তম্ভিত! তৃণমূল বিধায়ক সাংসদ তহবিলের টাকায় তৈরি স্মার্ট ক্লাস রুমের বিরোধীতা করছেন। এরকম স্মার্ট ক্লাস রুম আরও তৈরি হবে। দেখি কার কত দম এটা আটকাতে পারে । সাংসদ এও বলেছিলেন এর শেষ দেখে ছাড়ব।''
রচনা ব্যানার্জীর মন্তব্যের পর বিধায়ক অসিত মজুমদার বলেন, “উনি আমার দলের সাংসদ। উনি যেটা বলতে পারেন আমি সেটা পারি না। আমি সাংসদের কথার উপর কোনও কথা বলবো না। যা বলার দলকে বলব।”
প্রধান শিক্ষিকার উদ্দেশ্যে বিধায়ক বলেন, “প্রধান শিক্ষিকা থানায় লিখিত অভিযোগ করুন। প্রধান শিক্ষিকা কিছু অভিযোগ করলে, যা বলার তাঁকে বলব। আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য। পড়ুয়া, অভিভাবকদের দেখার দায়িত্ব আমার"।
সূত্রের খবর এই ঘটনার পর থেকেই দল চরম অস্বস্তিতে পড়ায় দলের থেকে বিধায়ককে এ বিষয়ে কোনরকম মন্তব্য করতে বারণ করা হয় এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পরামর্শ দিলে সাংসদের সঙ্গে দেখা করে অসিত বলেন, ''রচনা আমার বোনের মত। ওঁকে মমতাদি পাঠিয়েছে আমরা একসঙ্গে নির্বাচন লড়েছি। এই ভুল বোঝাবুঝির পিছনে সিপিএম, বিজেপি নিশ্চয়ই আছে। যারা আমাদের মধ্যে ঢুকে আছে। যারা চায় আমার সঙ্গে ওঁর সম্পর্ক খারাপ হোক। ২০২৬ সালে আমাদের টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানাতে হবে। আমার সঙ্গে সাংসদের কোনও সম্পর্কের অবনতি হয়নি। ভবিষ্যতেও হবে না। রচনা যদি আমার কথায় দুঃখ পেয়ে থাকে আমি দুঃখিত, অনুতপ্ত। রচনা আর আমি একসঙ্গে কাজ করব আগামী দিনে, এই প্রতিশ্রুতি দিলাম। এই ভুল বোঝাবুঝির পিছনে কেউ আছে। রচনাকে বোঝাবো আমরা ভাই বোনের মতো একসঙ্গে কাজ করব।''
উল্লেখ্য এর আগেও চুঁচুড়ায় নিজেদের মধ্যে একাধিক দ্বন্দ্বে জড়িয়েছেন অসিত ও রচনার । তবে এবার দলের হস্তক্ষেপে সমস্ত দ্বন্দ্ব দূরে সরিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিলেন বিধায়ক অসিত মজুমদার।
