Broadcast India News.

Broadcast India News.

14th June, 2026

মালদহে পাসপোর্ট তৈরির হিড়িক’ ভোটের আগে গভীর ষড়যন্ত্র সুকান্তের অভিযোগ !

মালদহে পাসপোর্ট তৈরির হিড়িক’ ভোটের আগে গভীর ষড়যন্ত্র সুকান্তের অভিযোগ !

২৬ শে বিধানসভা ভোটের এখনো বেশ কয়েক মাস দেরি থাকলেও ভোট নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি মোটামুটি শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। ভোটের আগে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এসআইআর শুরুর মুখে।এই প্রক্রিয়ায় নাগরিকত্ব প্রমাণের জন্য কমিশনের তরফ থেকে যে সমস্ত নথির কথা বলা হয়েছে তার মধ্যে আছে ভারতীয় পাসপোর্ট।এবার বিধানসভা ভোটের আগে রোহিঙ্গা এবং সংখ্যালঘুদের বাঁচানোর জন্য রাজ্য সরকার তাদের পাসপোর্ট-এর ব্যবস্থা করে দিচ্ছে বলে অভিযোগ তুললেন রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার বলেন, " সম্প্রতি আমার কাছে খবর এসেছে মালদহ পোস্ট অফিসে যেদিন থেকে এসআইআর-এর বিষয়ে নির্দেশ এসেছে তখন থেকে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের পাসপোর্ট তৈরির হিড়িক পড়ে গেছে । আপনারা খোঁজ নিয়ে দেখলে দেখতে পাবেন যে ওই পাসপোর্ট অফিসে হঠাৎ করে পুলিশের ডকুমেন্টস তৈরি হয়ে যাচ্ছে। যদিও পাসপোর্ট ডিপার্টমেন্টে সমস্ত ভারত সরকারের কর্মীরা কাজ করেন। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ থেকে শুরু করে শাসকদলের লোকজন সবাই মিলে তাদের নাগরিক বানানোর জন্য, বাংলার জনবিন্যাসের পরিবর্তনের জন্য বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের হাতে ডকুমেন্টস দিয়ে দিচ্ছে। বাংলার জনবিন্যাসের পরিবর্তনের জন্য এই ধরনের একটা মারাত্মক চক্রান্ত চলছে।’'

 

তিনি আরো বলেন,"পাসপোর্ট তৈরিতে মূল যে বিষয়টি থাকে সেটা হল লোকাল পুলিশের এনওসি। স্থানীয় পুলিশের কাছ থেকে এনওসি নিতে হয়। পশ্চিমবঙ্গ পুলিশের কাছে আপনি পয়সা না দিলে সেই এনওসি পাবেন না, পশ্চিমবঙ্গ পুলিশ এমন ব্যবস্থা করে রেখেছে। পশ্চিমবঙ্গ পুলিশ টাকার বিনিময়ে কত বাংলাদেশিকে যে পাসপোর্ট পাইয়ে দিয়েছে তার হিসাব নেই । যে পাসপোর্টকে এসআইআর-এর মত পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ নথি হিসেবে ধরা হয়,সব থেকে গুরুত্ব দেওয়া হয়, সেই পাসপোর্টকে মমতা ব্যানার্জির সরকার জলভাতে পরিণত করে দিয়েছে। আমি তৃণমূল কংগ্রেসকে এটাই বলছি, কেউ বাংলা ভাষায় কথা বললেই সে ভারতীয় হয় না। বাংলা ভাষায় শেখ হাসিনাও কথা বলে, মোহাম্মদ ইউনুসও কথা বলে, খালেদা জিয়াও কথা বলে। কিন্তু তাঁরা ভারতীয় নন। বাংলা ভাষায় কথা বললেই যে কেউ ভারতীয় হতে পারেন না।"