Broadcast India News.

Broadcast India News.

16th March, 2026

অভিষেকের ভোটে জয় নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারী।

অভিষেকের ভোটে জয় নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারী।

সামনেই ২৬ এর বিধানসভা ভোট। ভোটের আগেই শুরু হয়ে গিয়েছে বিরোধীদল ও শাসকদলের মধ্যে কাদা ছোড়াছুড়ি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাত লক্ষ ভোটের জয় নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন , ৯০০ বেশি বুথে EVM-এ টেপ লাগানো ছিল। প্রতি বুথে ৮ জন করে পোলিং এজেন্ট এবং ভোটারদের ভয় দেখানোর জন্য বাইরে দুষ্কৃতী বাহিনী ছিল ।

শুভেন্দু বলেন, “তিনি নাকি সাত লক্ষ ভোটে জিতেছেন। জানেন, ৯০০-র বেশি বুথে সেলোটেপ লাগানো ছিল। ৮ জন করে পোলিং এজেন্ট জাহাঙ্গির বাহিনীর। আপনি যদি গিয়ে ভিতর থেকে চিৎকার করেন, যে আমি পদ্মফুল বা অন্য কোনও প্রতীক খুঁজে পাচ্ছি না, তাহলে আপনি যখন বুথ থেকে বেরোবেন, তখনই মারবে। আবার যদি নাও টেপেন, শব্দ না হয়, তাও মারবে। এই করে সাত লক্ষ ভোটে জিতেছে।”

উল্লেখ্য ২০২৪ সালের লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে সাত লক্ষ ১০ হাজার ভোটে জিতেছেন অভিষেক। এবার সেই জয় নিয়েই মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

এই বিষয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, "এর আগে ওনার দলের মন্ত্রী অনুরাগ ঠাকুরও এই একই কথা বলেছিলেন। যে যে তথ্যে অসঙ্গতির কথা তিনি সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি অনুরাগ ঠাকুরের বাড়িতে গিয়ে সমস্ত তথ্য সম্বলিত ভিডিয়ো ডেটা দিয়ে এসেছিলেন। তাও এখনও পর্যন্ত তার কোনও উত্তর পাই নি ।” তাঁর খোঁচা, “ভোট চোর শুভেন্দুর থেকে কোনও জ্ঞানের বাণী শুনব না।”