মহাদেবের’ পর ‘শিবশক্তি’! ভারতীয় সেনাবাহিনীর তৎপরতায় খতম ২ জঙ্গি.
- By Broacastindia
- 30th July, 2025 05:35 PM
পেহেলেগাঁও হামলার পরে পাকিস্তানে ঢুকে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারতীয় সেনা । তারপর আজ থেকে দুদিন আগেই যৌথবাহিনীর তৎপরতায় অপারেশন মহাদেব অভিযান চালিয়ে শ্রীনগরের লিদবাসে ৩ জঙ্গিকে নিকেশ করতে সফল হয়েছিল যৌথবাহিনী। জানা গেছে ওই তিনজন জঙ্গিদের মধ্যে ছিল পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড সুলেমান শাহও ।অপারেশন মহাদেবের পর ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই এবার ‘অপারেশন শিবশক্তি’-র শক্তি দেখাল ভারতীয় সেনা।

সূত্রের খবর আজ বুধবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলা দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল দুই সন্ত্রাসবাদী। তবে ভারতীয় সেনাবাহিনীর তৎপরতায় জঙ্গিদের সেই চেষ্টা ব্যর্থ হয় । অপারেশন শিবশক্তির অধীনে দুই সন্ত্রাসবাদীকে খতম করা হয়েছে ।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে জম্মু ও কাশ্মীরের দেঘওয়ার সেক্টরের মালদিওয়ালান এলাকায় সেনাবাহিনী অনুপ্রবেশকারী ওই দুই জঙ্গিদের গতিবিধি লক্ষ্য করে। এরপরই সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। চলে গুলির লড়াই ।অবশেষে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের তৎপরতায় ওই দুই জঙ্গীর মৃত্যু হয়েছে। মৃত জঙ্গিদের কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার হয়েছে । সেনাবাহিনীর তরফ থেকে এখনো ওই এলাকায় তল্লাশি চালানো হচ্ছে ।এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে অঞ্চলটিতে ।
